পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মৌডুবী ইউনিয়নের দক্ষিণ কাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে রাঙ্গাবালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল রেঞ্জের ডিআইজি ও পটুয়াখালীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় রাঙ্গাবালী থানা পুলিশের একটি আভিযানিক দল শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার মৌডুবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাজিকান্দা (মাঝির হাওলা) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— দক্ষিণ কাজিকান্দা (মাঝির হাওলা) এলাকার মো. মুসা হাওলাদার (৪০), গলাচিপা উপজেলার পক্ষিয়া এলাকার মো. মানিক গাজী (৫৪), যিনি বর্তমানে দক্ষিণ কাজিকান্দা এলাকায় বসবাস করছেন এবং একই এলাকার মো. জাহিদ হাং (২০)।

অভিযানকালে তাঁদের হেফাজত থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে বলে জানা গেছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে রাঙ্গাবালী থানা পুলিশের এ অভিযান পরিচালিত হয়।