পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে কলাপাড়া থানা পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ক্রয়-বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ এনামুল (২৮) ও মোঃ সাইফুল ইসলাম (২৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁদের দখল থেকে ৪৫ পিস হালকা গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
কলাপাড়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।