ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, কোনো এক মুনাফিকের মুনাফিকির কারণে দেশে ইসলামের হুকুমত প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ইসলামের এক ভোটবাক্স নিয়ে যে কাফেলা মদিনার পথে এগিয়ে যাচ্ছিল, সেই কাফেলার স্টিয়ারিং ছিল চরমোনাইয়ের হাতে। কিন্তু হঠাৎ স্টিয়ারিং ছিনতাই হয়ে যাওয়ায় কাফেলা মদিনার পথ ছেড়ে আমেরিকার দিকে রওনা দিয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা আমেরিকার ইসলাম চাই না, ভারতের ইসলামও চাই না। আমরা চাই মদিনার ইসলাম। যে ইসলাম এ দেশের মানুষের জন্য শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ বয়ে আনবে।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশালের মুলাদী উপজেলার পূর্ব বাজার লঞ্চঘাটসংলগ্ন গরুর হাটে উপজেলা ইসলামী যুব আন্দোলন আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে ফয়জুল করিম বলেন, দেশে মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না, প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সামাজিক ন্যায়বিচারও। ২০২৪ সালের আন্দোলনে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় মানুষ রক্ত দিয়েছে, জীবন উৎসর্গ করেছে। কিন্তু ক্ষমতার পরিবর্তন হলেও সমাজের বৈষম্য দূর হয়নি।

তিনি বলেন, অতীতে দলীয় পরিচয় ও ক্ষমতার প্রভাব কাজে লাগিয়ে বিচারব্যবস্থা পরিচালিত হয়েছে। অথচ এটি প্রকৃত ন্যায়বিচারের পরিপন্থী। সত্যিকারের ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতার প্রভাবমুক্ত বিচারব্যবস্থা এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে। রাষ্ট্র পরিচালনায় দলীয় বিবেচনার পরিবর্তে যোগ্যতা, নৈতিকতা ও ন্যায়নীতিকে প্রাধান্য দিতে হবে।

উপজেলা ইসলামী যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম এবং বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদ।

এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম, উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন (সফিপুর হুজুর), উপজেলা জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি হুসাইন আহমাদ, উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহসভাপতি মাওলানা নেছার উদ্দিন সিকদার, উপজেলা ইসলামী যুব আন্দোলনের উপদেষ্টা মাওলানা মুহা. ফজলুর রহমান, উপজেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি প্রভাষক মাওলানা মনিরুজ্জামান, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সহসভাপতি মুহাম্মাদ জুনায়েদ সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবক মুফতি আবু ইউসুফ ও মাওলানা ওবায়দুল্লাহ বরকত।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা আবুল কাসেম জিহাদী, উপজেলা ইসলামী যুব আন্দোলনের উপদেষ্টা কারী আব্দুল বারী, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মাদ আব্দুল আলিম, মুলাদী পৌর ইসলামী আন্দোলনের সভাপতি আলাউদ্দিন ঢালী, বিশিষ্ট সমাজসেবক মাওলানা বায়েজীদ হোসেন নাঈম, মুহাম্মাদ এরশাদুল হক খানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা।

সম্মেলনে বক্তারা ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা, ন্যায়বিচার এবং যুবসমাজকে নৈতিক ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।