ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর একের পর এক মোট ১০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ২০ থেকে ২৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। এ সময় এমপির ব্যবহৃত গাড়িটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন এবং সুস্থ আছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে মহাসড়কের ওই এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোট চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পরপরই মহাসড়কে আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকার উদ্দেশে যাওয়ার পথে মুকসুদপুরে প্রবেশকালে তার গাড়িবহরও দুর্ঘটনার কবলে পড়ে। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি নিজে অক্ষত রয়েছেন।
অন্যদিকে, এ দুর্ঘটনায় মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ভয়াবহ এ দুর্ঘটনার পর মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।