বরিশালের আগৈলঝাড়ায় একটি অটোরিকশায় রাখা সন্দেহজনক ব্যাগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যাগটির ভেতরে প্রেসার কুকার বোমার অস্তিত্ব শনাক্ত করেছেন ঢাকা থেকে আসা এসআরবি-৮-এর বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ সদস্যরা। পরে দীর্ঘ সতর্কতামূলক প্রক্রিয়া শেষে বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় অটোরিকশাচালক কাওসারকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সুজনকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশায় রাখা ব্যাগের বিষয়ে সন্দেহ হলে স্থানীয় লোকজন অটোরিকশাটি আটক করেন। পরে বিষয়টি আগৈলঝাড়া থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাসহ চালক কাওসারকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি উপজেলার সেরাল এলাকা থেকে ব্যাগটি নিয়ে সুজনকাঠি এলাকায় যাচ্ছিলেন।
সন্দেহজনক ব্যাগে বিস্ফোরক থাকার আশঙ্কায় ঘটনাস্থলে তাৎক্ষণিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। অটোরিকশাটি নির্ধারিত স্থানে রেখে চারপাশে নিরাপত্তা বেষ্টনী ও ব্যারিকেড স্থাপন করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাটি নিয়ন্ত্রণে রাখা হয়।
এরপর বুধবার (১১ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ঢাকা থেকে এসআরবি-৮-এর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষজ্ঞ দল আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষা করে। এ সময় ব্যাগের ভেতরে একটি প্রেসার কুকার বোমার অস্তিত্ব শনাক্ত হয়। পরে বিশেষজ্ঞ সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করেন।
এ ঘটনায় আগৈলঝাড়া থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পাশাপাশি ঘটনার নেপথ্যে কারা জড়িত, কী উদ্দেশ্যে বিস্ফোরকটি পরিবহন করা হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-৮-এর পক্ষ থেকেও ছায়া তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তবে উদ্ধার হওয়া বিস্ফোরকটির উৎস, পরিবহনের উদ্দেশ্য এবং আটক অটোরিকশাচালকের প্রকৃত সংশ্লিষ্টতা সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্তের অগ্রগতির মধ্য দিয়েই বেরিয়ে আসতে পারে এ ঘটনার নেপথ্যের রহস্য।