পটুয়াখালীতে বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খোন্দকার মো. ইউসুফ আলী।

বুধবার (১১ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আতিকুল ইসলাম মামুন মৃধা প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে এগিয়ে যান।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালীর টাউন কালিকাপুর নতুন বাঁধঘাট এলাকার এ সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণ সম্পাদক পদে ইউসুফ আলীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিকুল ইসলাম মামুন মৃধা বুধবার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির কাছে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন। ফলে এ পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইউসুফ আলীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সভাপতি পদে মো. রেজাউল করিম, সহ-সভাপতি পদে মো. রাকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে মো. আতিকুল ইসলাম তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এতে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও বাকি ৮টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—

সভাপতি পদে মো. আতিকুর রহমান রিপন হাওলাদার (আনারস), মো. আরিফুর রহমান (দেয়ালঘড়ি) ও জিয়াউর হাকিম বাবু (ছাতা)।

সহসভাপতি পদে মো. মিলন মিয়া (সাইকেল) ও মো. লোকমান আকন (তালাচাবি)।

এ ছাড়া ছয়টি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। তাঁরা হলেন—মো. ইলিয়াস (মোমবাতি), মো. ইলিয়াস হোসেন (হাতি), মো. জসিম মৃধা (আপেল), মো. জামাল মোল্লা (মাছ), মো. দেলোয়ার গাজী (মোরগ), মো. ফিরোজ খান (বালতি), মো. রফিকুল ইসলাম খোকন (ফুটবল), আব্দুল হালিম তালুকদার (কলস), মোহাম্মদ খোকন তালুকদার (মই) ও সচিন দাস (রিকশা)।

সমিতির তথ্যমতে, নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১ হাজার ৮১৪ জন। সমিতির মোট সদস্য:সংখ্যা ২ হাজার ৬৩১ জন। আগামী ২১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ। কমিটির অন্য দুই সদস্য হলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. ফিরোজ আলম ও মোহাম্মদ নাজমুল হাসান।

আসন্ন নির্বাচনকে ঘিরে সমিতির সদস্য ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।