ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আরোপিত ২ হাজার কিলোমিটারের স্বঘোষিত সীমা তুলে নেওয়ার ঘোষণায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে আগের সীমাবদ্ধতা আর কার্যকর নেই। এতে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপের দেশগুলোও কি ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের আওতায় আসতে যাচ্ছে?
গত ৭ নভেম্বর ইরানের আইআরজিসির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। আল-জাজিরার ১০ নভেম্বরের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত দেশটির সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর ফলে ইউরোপের কিছু অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ভবিষ্যতে ঝুঁকির মুখে পড়তে পারে।
ইরানের বিদ্যমান ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পাল্লার মধ্যে ইউরোপের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি দেশ রয়েছে। এর মধ্যে গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়ার নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে, ২০২৬ সালের মার্চে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটির দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ ওঠে। যুক্তরাজ্য এ অভিযোগ করলেও ইরান তা অস্বীকার করে। ঘটনাটি দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপ মোকাবিলা এবং পশ্চিমা দেশগুলোর ওপর কৌশলগত চাপ তৈরির অংশ হিসেবেও ইরানের এমন অবস্থান হতে পারে।
তবে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ঘোষণা মানেই ইউরোপে হামলার সিদ্ধান্ত নয়। এখন পর্যন্ত ইউরোপকে লক্ষ্য করে ইরানের কোনো নিশ্চিত হামলা পরিকল্পনার তথ্য প্রকাশ্যে আসেনি। তবু তেহরানের নতুন অবস্থান ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।