পটুয়াখালীর গলাচিপায় প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাকে সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ শিক্ষার্থী ও তার পরিবারের। অভিযুক্ত শিক্ষক মো. ইকবাল হোসেন ওই বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে প্রাইভেট পড়ান বলে জানা গেছে।
শিক্ষার্থী নিরবের (১৪) অভিযোগ, পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে প্রায় এক মাস পড়ার পর ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়া বন্ধ করে দেয় তারা। এরপর থেকে বিভিন্ন অজুহাতে তাকে মারধর করা হচ্ছে। এর আগেও দুই দফায় মারধরের শিকার হয়েছে বলে দাবি তার।
নিরবের ভাষ্য, সর্বশেষ সোমবার শ্রেণিকক্ষে অন্য এক শিক্ষার্থীর দুষ্টুমির ঘটনায় তাকে দায়ী করে স্কেল দিয়ে ১০টি আঘাত করেন শিক্ষক। একপর্যায়ে ঘাড়ের পাশেও থাপ্পড় মারা হয় বলে অভিযোগ তার।
শিক্ষার্থীর বাবা জাকির হোসেন জানান, কয়েক মাস আগে অভিযুক্ত শিক্ষক ফোন করে তার ছেলেকে প্রাইভেট পড়ানোর কথা বলেছিলেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তিনি তাতে সম্মতি দিতে পারেননি। তার অভিযোগ, এরপর থেকেই ছেলের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে।
তিনি বলেন, ছেলের শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাত ১০টার দিকে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরদিন মঙ্গলবার চিকিৎসকেরা সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন। তবে আর্থিক সংকটের কারণে আনুমানিক ১৫ থেকে ১৬ হাজার টাকা ব্যয়ে এ পরীক্ষা করানো তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন জানান, অভিযোগের বিষয়টি জানার পর মঙ্গলবার বিদ্যালয়ে সভা আহ্বান করা হয়। তবে অভিযুক্ত শিক্ষক সভায় উপস্থিত হননি। ঘটনাটি তদন্তে তিনজন সহকারী শিক্ষক ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারীকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক প্রাইভেট পড়ান কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. ইকবাল হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা প্রকাশ করা হবে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘এ ব্যাপারে খোঁজ নেব।’