খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন নগরীর হকাররা। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে খুলনা মহানগর হকার্স ইউনিয়নের উদ্যোগে নগর ভবন ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে হকার্স ইউনিয়নের নেতাকর্মীসহ নগরীর বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক হকার অংশ নেন। এ সময় উচ্ছেদ অভিযানের প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের জীবিকা ও ব্যবসা রক্ষায় নানা দাবি তুলে ধরেন।

কর্মসূচি চলাকালে নগর ভবন সংলগ্ন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় কেডি ঘোষ রোডের ডিসি অফিস থেকে সোসাইটি সিনেমা হল পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে হকার্স ইউনিয়নের নেতারা খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর কাছে স্মারকলিপি দেন।

হকার্স ইউনিয়নের নেতারা বলেন, হকাররা দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের পাশে ছোট পরিসরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। তাদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় বিকল্প কর্মসংস্থান কিংবা পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলে অসংখ্য পরিবার আর্থিক সংকটে পড়বে।

তারা আরও বলেন, নগরীর সৌন্দর্য ও যানজট নিরসনের বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে হকারদের জীবিকার বিষয়টিও মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে। উচ্ছেদের আগে তাদের জন্য নির্দিষ্ট ব্যবসার স্থান, পুনর্বাসন এবং একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

হকারদের দাবির পরিপ্রেক্ষিতে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বলে জানা গেছে।

হকার্স ইউনিয়নের নেতারা অবিলম্বে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে হকারদের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধান বের করার আহ্বান জানান। একই সঙ্গে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত না করে কোনো হকারকে উচ্ছেদ না করার দাবি জানান তারা।

নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা, যান চলাচল স্বাভাবিক করা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা সুরক্ষার মধ্যে ভারসাম্য রেখে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।