পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিউটি রানী দেবনাথ (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ও সংগ্রামী এই নারীর মৃত্যুতে পরিবার-পরিজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বিউটি রানী দেবনাথ গলাচিপা উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার বালুরমাঠ লঞ্চঘাট এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার অমূল্য চন্দ্র দেবনাথের মেয়ে। জীবিকার তাগিদে লঞ্চঘাট এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিউটি রানীকে সোমবার সকাল ৮টা ১০ মিনিটে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর একই দিন দুপুর আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর ভাই বাবুল দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

মৃত্যুকালে বিউটি রানী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সন্তান দুটি মাতৃহারা হলো। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিনিয়ত জীবনসংগ্রাম করে যাওয়া এই নারীর এমন মৃত্যুতে স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর মুন্সি শোক প্রকাশ করে বলেন, বিউটি রানী ছিলেন একজন সংগ্রামী নারী। সংসার পরিচালনার জন্য প্রতিনিয়ত তাঁকে জীবনযুদ্ধ করতে হয়েছে। লঞ্চঘাটের ছোট্ট একটি চায়ের দোকান পরিচালনা করেই তিনি সংসারের যাবতীয় দায়িত্ব সামলাতেন। তাঁর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

এদিকে বিউটি রানীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রতনদি তালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান। তিনি শোকবার্তা প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিউটি রানীর বাবার বাড়িতে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

একজন সংগ্রামী নারীর আকস্মিক বিদায়ে শুধু একটি পরিবারই নয়, আপনজন ও পরিচিতজনদের মাঝেও তৈরি হয়েছে গভীর শূন্যতা। বিশেষ করে মাতৃহারা দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে শোকের পাশাপাশি উদ্বেগও দেখা দিয়েছে।