পটুয়াখালীর মির্জাগঞ্জে বাগানের সুপারির খোল কুড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এতে এক গৃহবধূ ও ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মোছা. মুক্তা বেগমের সঙ্গে একই বাড়ির লিটন খান ও তাঁর পরিবারের সদস্যদের জমিজমা নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৭ নভেম্বর দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বাগানের সুপারির খোল কুড়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

লিখিত অভিযোগে মুক্তা বেগম দাবি করেন, কথা-কাটাকাটির একপর্যায়ে বিবাদীরা তাঁকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করায় মাজেদা বেগম ও অপর এক নারী তাঁর বসতঘরের সামনের উঠানে গিয়ে তাঁকে মারধর করেন।

অভিযোগে আরও বলা হয়, এ সময় মুক্তা বেগমকে রক্ষা করতে তাঁর শ্বশুর ৭৫ বছর বয়সী মো. কাঞ্চন আলী খান এগিয়ে এলে লিটন খান ও মজিদ খানের নেতৃত্বে তাঁর ওপরও হামলা চালানো হয়। তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধর করা হলে মাথা, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি।

পরে তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত কাঞ্চন আলী খানকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান অভিযুক্ত লিটন খান। তিনি বলেন, ‘লাকড়ি নিয়ে মহিলাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমি কাউকে মারিনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা।’

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই আল-আমীন বলেন, ‘মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত কাঞ্চন আলী খানের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।