পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন বাড়ছে রোগীর চাপ। ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় দেখা দিয়েছে তীব্র শয্যাসংকট। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক রোগীকে শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনরা। অন্যদিকে, অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ১৪২ জন রোগীর মধ্যে ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত। ডেঙ্গু রোগীর পাশাপাশি জ্বর, হাম, মারামারি ও বিভিন্ন দুর্ঘটনায় আহত ব্যক্তিসহ নানা রোগে আক্রান্ত রোগীরাও এখানে চিকিৎসা নিচ্ছেন। ফলে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, সেই সঙ্গে প্রকট হচ্ছে শয্যাসংকট।

পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে থেকেই চিকিৎসাসেবা নিতে হচ্ছে। এতে একদিকে যেমন রোগীদের স্বাভাবিক চিকিৎসা গ্রহণ ব্যাহত হচ্ছে, অন্যদিকে চিকিৎসক ও নার্সদের ওপরও বাড়ছে অতিরিক্ত কাজের চাপ।

এদিকে, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও তাঁদের জন্য পর্যাপ্ত পৃথক চিকিৎসা ও অবস্থানের ব্যবস্থা রয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গু আক্রান্ত ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের একই পরিবেশে অবস্থানের কারণে সংক্রমণ প্রতিরোধ এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশ্ন উঠেছে।

হাসপাতালের এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় শয্যা বৃদ্ধি, জনবল সংকট নিরসন এবং ডেঙ্গু রোগীদের জন্য পৃথক চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা চিকিৎসক মেসবাহউদ্দিন বলেন, ‘প্রতিদিনই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসক ও নার্সরা নিরলসভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। বিষয়টি সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে। হাসপাতালে জনবলের ঘাটতি রয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেও নিজস্ব অর্থায়নে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করছি। পাশাপাশি অ্যাম্বুলেন্স রাখার জন্যও নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করেছি।’

সংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের শয্যাসংখ্যা, চিকিৎসক-নার্সসহ প্রয়োজনীয় জনবল এবং পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়ন জরুরি। অন্যথায় রোগীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবা পরিচালনায় সংকট আরও তীব্র হতে পারে।