পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাকারিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার কলাপাড়া থানা পুলিশের একটি অভিযানিক দল মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের অভিযোগে মোঃ জাকারিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ জাকারিয়া কলাপাড়া উপজেলার চাকামইয়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ বিভাগ।