খুলনায় বিশেষ অভিযান চালিয়ে নূর আজিম বাহিনীর ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা সদর থানা পুলিশ। এ সময় তাঁদের একজনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে ৮ নভেম্বর ভোর ৫টা পর্যন্ত খুলনা মহানগরের বিভিন্ন স্থানে বিশেষ রাত্রিকালীন অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে নূর আজিম বাহিনীর ছয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) এবং রাসেল শেখ (২৫)।
অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের একজনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।