পটুয়াখালীর মির্জাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুল আহসান মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
পায়রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. বশির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মৃধা এবং কালবের সাবেক পরিচালক মান্নান লোটাস। এ ছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমবায়ী প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনপদের মানুষের জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় সমিতিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান।