কিছু পথচলা কেবল সময়ের হিসাবে দীর্ঘ হয় না, হয়ে ওঠে ইতিহাসের অংশ। কিছু প্রতিষ্ঠান একটি জনপদের স্মৃতি, সংগ্রাম, স্বপ্ন ও সম্ভাবনাকে ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে যায়। পটুয়াখালী থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী দৈনিক গণদাবী তেমনই একটি প্রতিষ্ঠান। আজ ৮ নভেম্বর পত্রিকাটির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৯৪ সালের এই দিনে পটুয়াখালীর পিডিএসএ মার্কেট থেকে যে স্বপ্ন যাত্রার সূচনা হয়েছিল, সময়ের দীর্ঘ পরিক্রমায় তা আজ পটুয়াখালীর সংবাদপত্রের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়ে পরিণত হয়েছে।
একটি সংবাদপত্রের জন্ম মানে শুধু একটি প্রকাশনার সূচনা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের কথা বলার অঙ্গীকার, সময়ের বাস্তবতাকে তুলে ধরার সাহস এবং সত্যের পক্ষে অবিচল থাকার প্রত্যয়। দৈনিক গণদাবীর দীর্ঘ পথচলা সেই অঙ্গীকারেরই প্রতিফলন।
১৯৯৪ সালের প্রতিষ্ঠা লগ্নে পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কেবিনেট সচিব ও সাবেক মন্ত্রী মরহুম মোহাম্মদ কেরামত আলী। উপস্থিত ছিলেন মরহুম গোলাম মোস্তফা তালুকদার, মরহুম এম এ রব, বাসসের সাবেক মহাপরিচালক ও প্রধান সম্পাদক আমানউল্লাহ, তৎকালীন জেলা প্রশাসক ইয়াহিয়া মোল্লা, সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতি পত্রিকাটির সূচনালগ্নকে স্মরণীয় করে রেখেছে।
একটি প্রতিষ্ঠানের দীর্ঘ পথ চলায় নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক গণদাবীর ৩৩ বছরের অভিযাত্রায় পত্রিকাটির প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক শ্রদ্ধেয় গোলাম কিবরিয়া স্যারের অবদান বিশেষভাবে স্মরণযোগ্য। নানা প্রতিকূলতা ও সময়ের পরিবর্তনের মধ্যেও তাঁর নিষ্ঠা, শ্রম ও দূরদর্শী নেতৃত্বে দৈনিক গণদাবী নিজস্ব পরিচিতি ও অবস্থান ধরে রেখেছে। তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
একজন গণমাধ্যমকর্মী এবং South BD News 24-এর প্রকাশক হিসেবে আমি মনে করি, সংবাদ পত্রের প্রকৃত শক্তি তার প্রচার সংখ্যায় নয়, পাঠকের বিশ্বাসে; তার সাফল্য প্রতিষ্ঠানের বয়সে নয়, মানুষের হৃদয়ে অর্জিত অবস্থানে। সংবাদপত্র কেবল সংবাদ পরিবেশন করে না, বরং সময়ের সাক্ষ্য বহন করে এবং সমাজের বাস্তবতাকে ইতিহাসের পাতায় তুলে ধরে।
প্রযুক্তির বিকাশে গণমাধ্যমের জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। মুদ্রিত সংবাদপত্রের পাশাপাশি অনলাইন সংবাদ মাধ্যমও আজ তথ্য প্রবাহের গুরুত্বপূর্ণ অংশ। এই পরিবর্তনের যুগে সুস্থ প্রতিযোগিতার পাশাপাশি গণমাধ্যমগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও পেশাগত সহযোগিতা জরুরি। কারণ সংবাদ মাধ্যমের পথ আলাদা হলেও সত্য ও জনস্বার্থের প্রশ্নে আমাদের অঙ্গীকার অভিন্ন।
আমার বিশ্বাস, সাংবাদিকতার মূল শক্তি সত্যনিষ্ঠা, বস্তুনিষ্ঠতা ও জনমানুষের প্রতি দায়বদ্ধতা। ক্ষমতা কিংবা প্রভাবের অনুগামী না হয়ে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা রাখা এবং সাধারণ মানুষের কথা তুলে ধরাই হওয়া উচিত সংবাদ মাধ্যমের প্রধান অঙ্গীকার।
দৈনিক গণদাবীর এই আনন্দঘন দিনে পত্রিকাটির প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যাঁরা শ্রম, মেধা, ভালোবাসা ও সহযোগিতা দিয়ে পাশে থেকেছেন, সেইসব সাংবাদিক, সংবাদদাতা, লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। প্রয়াত গুণীজনদের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক শ্রদ্ধেয় গোলাম কিবরিয়া স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করছি। তাঁর নেতৃত্বে দৈনিক গণদাবী ঐতিহ্য, স্বকীয়তা ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রেখে আগামী দিনেও আরও সমৃদ্ধ ও পাঠকনন্দিত হয়ে উঠুক।
৩৩ বছরের এই গৌরবময় পথ চলা হোক আগামী দিনের নতুন প্রত্যয়ের সূচনা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ ধারণ করে দৈনিক গণদাবী এগিয়ে যাক আরও বহুদূর।
পরিশেষে বলতে চাই, সংবাদপত্রের প্রকৃত আয়ু কাগজের পাতায় নয়, মানুষের বিশ্বাসে। যে সংবাদপত্র মানুষের কথা বলে এবং সময়ের কাছে সত্যের সাক্ষ্য রেখে যায়, ইতিহাসে তার স্থান কখনো মুছে যায় না।
শুভ ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী, দৈনিক গণদাবী।
সত্যের আলোয় আলোকিত হোক আগামীর প্রতিটি সকাল, মানুষের কল্যাণে অব্যাহত থাকুক কলমের নির্ভীক পথচলা।
শুভেচ্ছান্তে
মীর মোঃ ফরিদ উদ্দিন
প্রকাশক
South BD News 24