পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ অর্জন করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর লাল হাওলাদার। গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি এ সম্মাননার সনদ গ্রহণ করেন।
দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন শংকর লাল হাওলাদার। পেশাগত দায়িত্বের প্রতি আন্তরিকতা, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে তিনি নিজ এলাকায় একজন দায়িত্বশীল ও সেবা পরায়ণ গ্রাম পুলিশ হিসেবে পরিচিতি অর্জন করেছেন। নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশগ্রহণের পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি কার্যক্রম বাস্তবায়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি। বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। তাঁর দায়িত্বাধীন রতনদী তালতলী ইউনিয়ন ২০২৬ সালের জুলাই মাসে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারাদেশে প্রথম স্থান অর্জন করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সময়ে গলাচিপা উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে। এ সাফল্যে অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও শংকর লাল হাওলাদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শংকর লাল হাওলাদারের জাতীয় পর্যায়ে এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক। তিনি বলেন, “শংকর হাওলাদার তার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে যথাযথভাবে পালন করেছেন। আজকের এই সম্মাননা তাঁর দীর্ঘদিনের দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার যথার্থ স্বীকৃতি। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত গৌরবের বিষয় নয়, বরং উপজেলা প্রশাসন তথা সমগ্র গলাচিপা উপজেলার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমি আশা করি, শংকর হাওলাদারের এই অর্জন গলাচিপা উপজেলার সকল গ্রাম পুলিশকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনে অনুপ্রাণিত করবে। তাঁর এই সাফল্য অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তার প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।”
সংশ্লিষ্টদের মতে, শংকর লাল হাওলাদারের এ অর্জন গ্রাম পুলিশ পেশার মর্যাদা ও গুরুত্বকে আরও উজ্জ্বল করবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে কর্মরত অন্য গ্রাম পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে। তৃণমূলের একজন দায়িত্বশীল কর্মীর জাতীয় স্বীকৃতি—শংকর হাওলাদারের এ অর্জন নিঃসন্দেহে গলাচিপার জন্য আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।