৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীতে পৃথক বর্ণাঢ্য র‍্যালি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপির দুই পক্ষ পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এক পক্ষের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর সমর্থক জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম।

সকাল ১১টায় ঝাউতলা থেকে তাদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়। পরে পিডিএসএ মাঠ, নিউমার্কেট, নতুন বাজার, সদর রোড, মহিলা কলেজ, পৌরসভা মোড় ও কাজীপাড়া রোড প্রদক্ষিণ করে সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর বাস ভবনের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালির শুরুতে যুবদল নেতা অ্যাডভোকেট আল আমিন সুজনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া ও অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম। এ সময় তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।

অন্যদিকে, সকাল সাড়ে ১১টায় পিডিএসএ মাঠ থেকে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনুর নেতৃত্বে অপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নিউ মার্কেট, থানাপাড়া রোড, নতুন বাজার ও সদর রোড প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।

এ পক্ষের র‍্যালি পূর্ব আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু। বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, দিবসটির তাৎপর্য এবং উদযাপনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

এর আগে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পৃথক র‍্যালি দুটিতে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।

কর্মসূচিতে উভয় পক্ষের বক্তারা পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।