পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর ইসরাত জাহান যুথি (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি পানের বরজসংলগ্ন শুকনো গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি স্কুলছাত্রীর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
নিহত ইসরাত জাহান যুথি দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের বাসিন্দা মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী র. ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় যুথি। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বিকেল ৪টার দিকে তার মা বিদ্যালয়ে গিয়ে খোঁজ নিলে জানতে পারেন, যুথি সেদিন বিদ্যালয়ে যায়নি এবং পরীক্ষায়ও অংশ নেয়নি।
এরপর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এক পর্যায়ে নিখোঁজের ঘটনায় মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
নিহতের বাবা মো. জামাল হাওলাদার জানান, যুথি নিখোঁজ হওয়ার পর বাড়ির পাশের এক নারী প্রথম তার জুতা পড়ে থাকতে দেখেন। বৃহস্পতিবার সকালে ওই নারীকে সঙ্গে নিয়ে জুতা পাওয়ার স্থানটি শনাক্ত করতে যান তিনি। এ সময় আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানের বরজের পাশে একটি শুকনো গর্তের মধ্যে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় প্রয়োজনীয় সুরতহাল কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিখোঁজের পর দুই দিন পেরিয়ে বাড়ির পাশেই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।