পটুয়াখালী সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩ নভেম্বর রাতে সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাঙা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে পটুয়াখালী সদর থানাধীন ছোটবিঘাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাটিভাঙা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশের একটি দল।
অভিযানকালে পশ্চিম মাটিভাঙা এলাকার বাসিন্দা মো. রাসেল সিকদার (৩০) ও মো. জুয়েল (২২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, এলাকায় মাদকবিরোধী পুলিশের এমন অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণ এবং অপরাধপ্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “গতকাল বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।”
পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।