পটুয়াখালীতে কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে যাত্রীবাহী পাঁচটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা।
সোমবার (২ নভেম্বর) পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন পাঁচটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসগুলো থেকে ২১০ কেজি নিষিদ্ধ শাপলাপাতা মাছ এবং ১ হাজার ১৫০ কেজি জাটকা উদ্ধার করা হয়। জব্দকৃত মাছের মোট পরিমাণ ১ হাজার ৩৬০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩০ হাজার টাকা।
অভিযান শেষে সংশ্লিষ্ট বাসগুলোর চালক, সুপারভাইজার ও হেলপারদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়। পরে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত মাছের মধ্যে জাটকা উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। অন্যদিকে, জেলা বন বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে নিষিদ্ধ শাপলাপাতা মাছ মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, জাটকা নিধন প্রতিরোধ এবং নিষিদ্ধ জলজ প্রাণীর অবৈধ পরিবহন বন্ধে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান ও নজরদারি জোরদার করা হবে।