প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় মিড-ডে মিল (কুপন-ক্যান্টিন) পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম।

কুপন পদ্ধতিতে পরিচালিত এ ক্যান্টিনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার সংগ্রহ করে খেতে পারবে। এর ফলে বিদ্যালয় চলাকালে শিক্ষার্থীদের খাবার গ্রহণের সুযোগ আরও সহজ ও সুশৃঙ্খল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের নির্বাচিত বিদ্যালয় হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পাইলটিং কার্যক্রম শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন কুমার দাস, মো. সজল, অলিউল ইসলাম ও মোল্লা মঞ্জুর, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি মো. সোলায়মান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত রনি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা সুলতানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়েই খাবার গ্রহণের এমন সুযোগ তৈরি হলে তাদের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে। পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানে মনোযোগ বাড়াতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্টরা আশা করছেন, পরীক্ষামূলক এ কার্যক্রম সফল হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়মুখী করতে মিড-ডে মিল কর্মসূচি আরও কার্যকর ভূমিকা রাখবে।