পটুয়াখালী সদর উপজেলা নাগরিক ফোরামের চতুর্থ ত্রৈমাসিক সভা এবং নাগরিক প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সভায় নাগরিক প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের সফলতা ও সীমাবদ্ধতা পর্যালোচনার পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধি, দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় পটুয়াখালীর এসডিএ রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টারে (এসআরটিসি) এ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা জিএফএ কনসালটিং গ্রুপের মাধ্যমে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উইক্যানের সহযোগিতায় সোস্যাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এ আয়োজন করে।
পটুয়াখালী সদর উপজেলা নাগরিক ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এস.এম. দেলাওয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালনা করেন নাগরিক ফোরামের সম্পাদক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোস্যাইটি ডেভেলপমেন্ট এজেন্সির (এসডিএ) নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন।
সভায় নাগরিক প্রকল্পের আওতায় উপজেলা ও ইউনিয়ন নাগরিক ফোরামের বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, অর্জন, সফলতা ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এসব কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার উপায় নিয়ে মতবিনিময় করেন নাগরিক ফোরামের নেতারা।
আলোচনায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো, বিশেষ করে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের নাগরিক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধ, সামাজিক বৈষম্য দূরীকরণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। গৃহীত কর্মপরিকল্পনা ও বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে দাতা ও সহযোগী সংস্থাগুলোকে নিয়মিত অবহিত করার বিষয়েও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
এ ছাড়া সামাজিক নিরীক্ষক নির্ধারণ, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন, বিভিন্ন পর্যায়ে সংলাপ আয়োজন, লোকসংগীত ও পথনাটকের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক নিরীক্ষার প্রতিবেদন প্রকাশের বিষয়ে আলোচনা হয়।
এসব উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা ও ইউনিয়ন পরিষদ প্রশাসনের প্রতিনিধি, নাগরিক নেতা এবং বিভিন্ন সরকারি সেবাগ্রহীতার অংশগ্রহণে গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবার মান, সেবাপ্রাপ্তির প্রতিবন্ধকতা এবং জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পরিকল্পনা করা হয়।
কর্মশালায় বক্তব্য দেন উপজেলা নাগরিক ফোরামের সদস্য অ্যাডভোকেট ও সমাজকর্মী মনির হোসেন, মো. আবদুল খালেক, মাহফুজা ইসলাম, হাসি আক্তার, মো. জাহিদ হোসেন, ফোরামের সভাপতি এস.এম. দেলাওয়ার হোসেন দিলীপ এবং এসডিএর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেনসহ অন্যরা।
বক্তারা নাগরিক অধিকার প্রতিষ্ঠা, প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক ফোরামের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।