দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন আশায় সাগরে পাড়ি জমিয়েছিলেন পটুয়াখালীর উপকূলীয় জেলেরা। প্রত্যাশা ছিল, নিষেধাজ্ঞা শেষে সাগরে মিলবে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। কিন্তু প্রথম দিনেই সেই প্রত্যাশা অনেকটা ম্লান হয়ে গেছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া অধিকাংশ জেলের জালে ধরা পড়েনি কাঙ্ক্ষিত ইলিশ। অল্পসংখ্যক মাছ নিয়ে তীরে ফিরতে হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তাঁরা।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ছোট ছোট মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে যাত্রা করেন জেলেরা। দীর্ঘ বিরতির পর মাছ ধরতে নেমে ভালো আহরণের আশা থাকলেও অধিকাংশ ট্রলারেই ইলিশের পরিমাণ ছিল তুলনামূলক কম। ফলে জ্বালানি, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচের তুলনায় আশানুরূপ মাছ না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা।

তবে এর ব্যতিক্রমও রয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় এক সপ্তাহ আগে গভীর সাগরে যাওয়া কিছুসংখ্যক জেলে ফিরেছেন ভালো পরিমাণ ইলিশ নিয়ে। তাঁদের আহরণ করা ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

এদিকে সাগর থেকে ট্রলারভর্তি মাছ আসতে শুরু করায় শুক্রবার সকাল থেকেই পটুয়াখালীর অন্যতম বৃহৎ মৎস্য অবতরণকেন্দ্র মহিপুর ও আলীপুরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। মাছের কেনাবেচাকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতা, আড়তদার ও শ্রমিকদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে পুরো মৎস্যবন্দর। ইলিশের পাশাপাশি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছও বেচাকেনা হচ্ছে এসব বাজারে।

তবে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও দামে তেমন প্রভাব পড়েনি। নিলামের মাধ্যমে প্রতি কেজি এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা দরে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম কেজিপ্রতি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকা এবং জাটকা ইলিশের দাম রয়েছে ৫০০ থেকে ৭০০ টাকা কেজি।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, গভীর সাগরে মাছ ধরতে যাওয়া সব ট্রলার পর্যায়ক্রমে তীরে ফিরলে বাজারে ইলিশের সরবরাহ বাড়তে পারে। এতে কমে আসতে পারে ইলিশের দাম। তবে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ না পাওয়া এবং বাজারদরের বর্তমান পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন উপকূলের অনেক জেলে।

উল্লেখ্য, ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে সব ধরনের মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মধ্যরাত থেকে আবারও মাছ ধরতে সাগরে নামার সুযোগ পান জেলেরা।