প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় প্রকৃত কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।
গঠিত কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)-কে। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।
অফিস আদেশে কমিটিকে ফ্লাইটে দেখা দেওয়া কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে উড্ডয়নের উপযোগিতা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা যাচাই করতে বলা হয়েছে।
এ ছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট চলাচলে বিলম্ব, যাত্রীদের দুর্ভোগ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী ধরনের প্রভাব পড়েছে, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে। এসব বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে হবে কমিটিকে।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার প্রস্তুতিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ওই ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট যাত্রীরা ছিলেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রুটির প্রকৃত কারণ, কারিগরি ব্যবস্থাপনা এবং উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপগুলো খতিয়ে দেখতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে ঘটনার বিস্তারিত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।