বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের তিতাস মোড়স্থ সুরাইয়া ভিলা চত্বরে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন সুজনের নেতৃত্বে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেন চিকিৎসক ডা. মো. তাসনিম রহমান, ডা. মো. মাহামুদুল আমিন, ডা. প্রান্ত মণ্ডল, ডা. মাতির আহমেদ, ডা. জাইমা সুলতানা, ডা. আয়শা সিদ্দিকা ও ডা. জনি সরকার।

কর্মসূচিতে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, অ্যাডভোকেট আল আমিন সুজন, মো. দেলোয়ার হোসেন, তারেক সিদ্দিকী, রিয়াজ সিদ্দিকী, ফেরদাউস, রিজভী ও মহিবুল্লাহসহ যুবদলের অন্যান্য নেতাকর্মী।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে এ বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

জেলা যুবদল নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী জানান, এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তাঁদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।