বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী শহরের চারটি পৃথক স্থান থেকে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচিতে যুবদলের হাজারো নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সকাল ১১টায় শহরের বনানী মোড় এলাকায় জেলা যুবদলের কার্যালয়ের সামনে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. নুরুল ইসলাম লিটন গাজীর সভাপতিত্বে আনন্দ মিছিলপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান নান্নু। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন রেজা ও গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি মো. মহসীন রেজা ইমরুল, মো. মিজানুর রহমান ও মঞ্জুর এলাহী শাহিন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। আলোচনা সভা শেষে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন সুজনের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনের সামনে থেকে আরেকটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই স্থানে বিকেল ৩টায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।
অন্যদিকে, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শিপলু খানের নেতৃত্বে শহরের পুরাতন আদালত মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ ছাড়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রিমানুল ইসলাম রিমুর নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনের স্থান থেকে আরেকটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পৃথক এসব কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দিনব্যাপী আনন্দ মিছিল ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী শহরে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করেন যুবদলের নেতা-কর্মীরা।