বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা কেউই দিন-রাত সমাজে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।”

জনসচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ত পুলিশিং জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এসব কথা বলেন।

জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের।

সমাবেশে আইজিপি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য অর্থনৈতিক অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ বেকারত্ব। প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার নতুন করে বেকারত্বের তালিকায় যুক্ত হচ্ছেন।

মাদক নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাং নির্মূলের বিষয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। একই সঙ্গে কিশোর গ্যাং নির্মূলে পুলিশকে সহযোগিতা করতে হবে। এ ক্ষেত্রে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

আইজিপির বক্তব্যে জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনগণের মধ্যে আস্থার সম্পর্ক জোরদারে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব উঠে আসে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে নিরাপদ সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।