গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় অটোভ্যানে থাকা বাবা ও ছয় বছরের মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবা সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে। তাঁর মেয়ে সামিরা আক্তারের বয়স ছিল ছয় বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোপালগঞ্জগামী মাছবাহী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুকসুদপুরগামী একটি অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা সাইফুল ইসলাম রঞ্জু ও তাঁর মেয়ে সামিরা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একই দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবারে। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের আবহ সৃষ্টি হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে আসা মাছবাহী পিকআপটি গ্যাড়াখোলা সেতু পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ।

এদিকে, দুর্ঘটনার পর পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহযোগী পলাতক রয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে তাঁদের সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।