দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় এলাকার আকাশও রয়েছে কিছুটা মেঘাচ্ছন্ন। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।
আবহাওয়া পরিস্থিতির কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে দূরবর্তী ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
আজ সকাল ৬টায় নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে অনুকূল পরিস্থিতি তৈরি হলে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে।
এ পরিস্থিতিতে সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ এবং সমুদ্রের পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।