ঘুড়ি উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নানা বর্ণিল আয়োজনে পটুয়াখালীর কুয়াকাটায় উদযাপিত হচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় লেম্বুর বন সৈকতে অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রঙিন ঘুড়ির সমারোহে সৈকতের আকাশ হয়ে ওঠে বর্ণিল, আর শিশুদের রং-তুলির ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা সাদা ক্যানভাসে ফুটিয়ে তোলে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র, ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানের নান্দনিক চিত্র। তাদের সৃজনশীলতা ও শিল্পকর্ম উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে। উৎসবমুখর পরিবেশে শিশুদের অংশগ্রহণ কার্নিভালের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

মনোমুগ্ধকর এ আয়োজনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে শুক্রবার সকালে বিচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ পর্যটন কার্নিভালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কার্নিভালের অংশ হিসেবে রাতে সমুদ্রসৈকতে দেশের তারকা শিল্পীদের অংশগ্রহণে কনসার্টের আয়োজন রয়েছে। এ ছাড়া শনিবার সকালে বিচ ম্যারাথন, পিঠা উৎসবসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

তবে পর্যটন কার্নিভাল ঘিরে আয়োজকদের প্রত্যাশা অনুযায়ী পর্যটকের সমাগম হয়নি বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের মতে, এমন আয়োজন পর্যটন খাতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে পর্যটকের উপস্থিতি বাড়াতে আরও প্রচার-প্রচারণা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এদিকে কার্নিভালকে কেন্দ্র করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে রয়েছেন।