পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. করিম সিকদার (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ভাণ্ডারিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

অভিযুক্ত করিম সিকদার ভাণ্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের দক্ষিণ তেলিখালী এলাকার মৃত মোকলেস উদ্দিন শিকদারের ছেলে।

মামলার এজাহার ও শিশুটির স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গত ১৯ অক্টোবর দুপুরে শিশুটি তার বাবার সঙ্গে বাড়ির পাশের নদীর ঘাটে নৌকা মেরামতের কাজ দেখতে যায়। একপর্যায়ে শিশুটিকে সেখানে রেখে নৌকা মেরামতের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাড়িতে যান তার বাবা। এ সময় শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি তাকে পাশের একটি ধৈঞ্চা বনে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে বাবা ফিরে এসে শিশুটিকে সেখানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের ধৈঞ্চা বন থেকে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা শিশুটির শরীরে কামড়ের দাগ দেখতে পান বলে জানা গেছে।

ঘটনার পরপরই শিশুটিকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা ভাণ্ডারিয়া থানায় গিয়ে এ ঘটনায় মামলা করেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত করিম সিকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।