বরিশালের মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মো. আবু জাফর প্যাদা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার উলানিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু জাফর প্যাদা পটুয়াখালী জেলার দুমকি থানার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা।

এসআরবি-৮ সূত্রে জানা যায়, নিয়মিত রাতের টহল কার্যক্রম চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উলানিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পায় আভিযানিক দল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঘটনাস্থলে পৌঁছালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এসআরবি-৮ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৮, বরিশাল।