গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ, এর প্রভাব এবং সংকট নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় দুমকি নতুন বাজারের আলমামুন সুপার মার্কেট থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। লিফলেটের মাধ্যমে এসব সংকটের সম্ভাব্য কারণ, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব এবং সংকট মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি উদ্যোগ সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।
কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে লিফলেট পৌঁছে দেন। একই সঙ্গে জ্বালানি সরবরাহের পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুতের সংকট এবং নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে জনসাধারণের মধ্যে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, সদস্যসচিব মো. মাসুদুল আলম মৃধা, যুগ্ম আহ্বায়ক মো. শাহিন খান, বায়েজিদ আহম্মেদ বাচ্চু ও মো. বাবুল প্যাদাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
কেন্দ্র ঘোষিত এ কর্মসূচির মাধ্যমে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন সংগঠনটির নেতাকর্মীরা।