বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের জীবন, দর্শন ও মানবতাবাদী চেতনাকে স্মরণ করে পটুয়াখালীতে পালিত হয়েছে তাঁর ১৩৬তম তিরোধান দিবস।
এ উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহসীন উদ্দিনের নেতৃত্বে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাহাবুব হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, লালন গবেষক আনোয়ার হোসেন বাদল, জেলা জাসাসের আহ্বায়ক ইশতিয়াক আহমেদ রাহাত এবং অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলমসহ অন্যরা।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও কালজয়ী সৃষ্টির স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর জীবন ও দর্শনকে নতুন করে তুলে ধরার প্রয়াস দেখা যায়।