কওমি মাদরাসার শিক্ষার উন্নয়ন, মেধাবী শিক্ষার্থী গঠন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। একই সঙ্গে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে পূজামণ্ডপগুলোতে পাহারা দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীসহ শান্তিকামী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদানিয়া প্রাঙ্গণে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসার সভাপতি ও পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ডা. মো. জিয়াউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মুহাদ্দিস মুফতি আবুল বাশার কাসেমী। স্বাগত বক্তব্য দেন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও সেক্রেটারি শায়খুল হাদিস মাওলানা মো. আব্দুল হক কাওসারী।

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষা খাতে বেশি বরাদ্দ রেখেছে। কারিগরি ও সাধারণ শিক্ষার পাশাপাশি কওমি শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীসহ শান্তিকামী জনগণকে পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় মাদরাসা ও মসজিদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, বোর্ডের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান এবং সহসভাপতি শায়খুল হাদিস মাওলানা শেখ মুজিবুর রহমান।

উদ্বোধনী বক্তব্য দেন মাওলানা মো. মোতাহার উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন মাওলানা শাব্বির আহমাদ, মুফতি আবু জাফর, শফিকুল ইসলাম তাহসিন, আলহাজ্ব মো. আশরাফ মিয়া ও বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন মৃধাসহ অন্যরা।

অনুষ্ঠানে চলতি বছরের বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় হিফজ বিভাগে দ্বিতীয় ও তৃতীয় এবং কিতাব বিভাগে ১১তম ও ১৫তম স্থান অর্জনকারী শিক্ষার্থীসহ মোট ২১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মুমতায (এ+) অর্জনকারী ৩৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অতিথিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার সাত শতাধিক শিক্ষার্থী, কৃতী শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতী শিক্ষার্থীসহ সবার কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান।