পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুটি নিখোঁজ হয়। এ সময় তার মা রুমানা বেগম ঘরের বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন। ভোর ৬ টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে জেগে তার স্ত্রীর বোনের স্বামী আলআমিনকে তাদের ঘরে দেখে পুনরায় ঘুমিয়ে পরেন। এর কিছুক্ষণ পরেই শিশু রাইয়ান নিখোঁজ হয় বলে পরিবারের দাবি।
পরিবারের পক্ষ থেকে পারিবারিক বিরোধের বিষয়টি উল্লেখ করে শিশুটির মায়ের করা মামলায় শিশুটির আপন খালু আলআমিনসহ আরও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার দুপুরে আলআমিনকে গ্রেপ্তার করে। তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দায় বা শিশুটির মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত শেষ হওয়ার আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা খালে একটি বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সেটি শিশু রাইয়ানের বলে শনাক্ত করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।