পটুয়াখালীর বাউফল উপজেলার কৃতী সন্তান ডা. ইফাত জাহান মনামী ৪৫তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগ পেয়েছেন। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

ডা. ইফাত জাহান মনামী বাউফল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা আলহাজ আবু ইউসুফের বড় মেয়ে। সম্প্রতি তিনি নিয়োগের গেজেট পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭০২ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগের আদেশ অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে হবে।

মেয়ের সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে আলহাজ আবু ইউসুফ বলেন, “ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। ৪৫তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে নিয়োগ পাওয়ায় তার সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।”

তিনি আরও বলেন, মনামীর এ অর্জনের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও পরিবারের সহযোগিতা। তাঁর প্রত্যাশা, মেয়ে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন এবং বাউফলসহ দেশের মানুষের গর্ব হয়ে উঠবেন।

মনামীর এ সাফল্যে শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উজ্জ্বল কর্মজীবন কামনা করেছেন।