পটুয়াখালীর গলাচিপায় খুশি আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লোন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে দিনাজপুর জেলার খুশি আক্তারের সঙ্গে গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের লোন্দা গ্রামের রবিউল হাসানের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।
ঘটনার দিন সকালে রবিউল হাসান গরু চরাতে মাঠে যান। পরে বাড়িতে ফিরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রীকে ঝুলতে দেখেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে গলাচিপা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, “গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনসহ সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”