পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে সমুদ্রগামী জেলেদের জন্য বরাদ্দকৃত বিনামূল্যের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১ হাজার ৪০২টি মৎস্যজীবী পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। প্রত্যেক জেলে পরিবার ২৫ কেজি করে চাল পেয়েছে।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা ভিট্টর বাইন, গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ আকন, সাইমুন ইসলাম সায়েম, ইউপি সচিব মো. সোহাগ খান, প্রতিটি ওয়ার্ডের তালিকাকরণ ও বাছাই কমিটির প্রতিনিধিরা, বিএনপি, মৎস্যজীবী দল ও গণঅধিকার পরিষদের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। বরাদ্দের চাল হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন জেলেরা।

এদিকে, প্রকৃত মৎস্যজীবীদের তালিকাভুক্তি এবং ভুয়া জেলেদের নাম বাদ দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা গেছে। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত জেলেদের সহায়তা নিশ্চিত করতে তালিকা প্রণয়নে যাচাই-বাছাই করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।