পটুয়াখালীর গলাচিপায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে উৎসব উদযাপনের পরিবেশ বজায় রাখার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুজার মো. ইজাজুল হক।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সাবেক সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সী এবং জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় ইউএনও মো. আবুজার মো. ইজাজুল হক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।