পাঠাভ্যাস গড়ে তোলা এবং বইপড়ার প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে পটুয়াখালীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় পটুয়াখালী শহীদ মিনার প্রাঙ্গণে এ বইমেলার উদ্বোধন করা হয়।

বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তারেক হাওলাদার।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি পাবলিক লাইব্রেরির সিনিয়র লাইব্রেরিয়ান সাইদুর রহমান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল এবং সংগঠক মো. সোহেল সরকার।

আয়োজক সূত্রে জানা গেছে, বইমেলাটি আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। বইমেলাকে কেন্দ্র করে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ে ৩০ শতাংশ এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এ তথ্য জানিয়েছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল।

আয়োজকদের প্রত্যাশা, এ বইমেলার মাধ্যমে পটুয়াখালীর পাঠক, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়বে এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটবে।