অগ্নিকাণ্ড প্রতিরোধ, আগুন নিয়ন্ত্রণ এবং অগ্নিকাণ্ডের সময় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান খান।

প্রশিক্ষণে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিস্তারিত আলোচনা করেন পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. ইব্রাহীম খলিল। এ সময় আরও বক্তব্য দেন কলেজের চিফ ইন্সট্রাক্টর (ওয়েল্ডিং) মো. আবু বকর সিদ্দিক, চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) মো. শহিদুল ইসলাম, ইন্সট্রাক্টর (পদার্থ) মো. জসিম উদ্দিন এবং ইন্সট্রাক্টর মো. শেফায়েত হোসেন।

পরে শিক্ষক-শিক্ষার্থীদের আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি ও কৌশল হাতে-কলমে শেখানো হয়। অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, কীভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে এবং কীভাবে নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হবে—এসব বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

এদিকে, গত ৭ অক্টোবর সন্ধ্যায় কলেজের কাছাকাছি এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমে ঝুঁকি নিয়ে সহযোগিতা করায় কলেজের ছয় শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—বায়জীদ খান, রাজী নাবিল আহমেদ, সাকিব, মিরাজ, আব্দুল্লাহ আনসারি ও আবির।

প্রশিক্ষণ কর্মসূচিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. ইব্রাহীম খলিলের সঙ্গে ছিলেন আব্দুর রশিদ, মুরাদ হোসেন, অরুণ গাইন, শামীম মল্লিক, মেহেদী হাসান, এনামুল ও আব্দুল জলিল।

প্রশিক্ষণে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অগ্নিনিরাপত্তা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ধারণা লাভ করেন।