পটুয়াখালীর দুমকিতে দিনব্যাপী কাব স্কাউট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ‘কাব হলিডে’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ স্কাউটস, দুমকি উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ মাঠ ও অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও দুমকি উপজেলা স্কাউটসের সহ-সভাপতি সুনীল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘কাব হলিডে’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও দুমকি উপজেলা স্কাউটসের সভাপতি আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
স্কাউটস সম্পাদক স্কাউটার মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) প্রণব কুমার মণ্ডল, বরিশাল অঞ্চলের আঞ্চলিক সম্পাদক মো. ফারুক আলম এবং আঞ্চলিক যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান।
প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শনে আসেন পটুয়াখালী জেলা স্কাউটসের উপপরিচালক মো. ইকবাল হাসান ও জেলা স্কাউট সম্পাদক মো. বশির উদ্দিন।
কাব হলিডে কোর্স লিডারের দায়িত্ব পালন করেন দুমকি উপজেলা স্কাউটস কমিশনার মো. নুরুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোসা. খায়রুন নাহার এলটি, জেলা স্কাউটসের সহকারী কমিশনার মো. হারুন অর রশিদ, জেলা কাব স্কাউট লিডার শাহনাজ পারভীন এবং উপজেলা স্কাউট লিডার মো. বশিরুল আলম।
প্রশিক্ষণ কোর্সে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন কাব স্কাউট ও ৩০ জন কাব লিডার অংশগ্রহণ করেন।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।