পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোতে থাকা ভাড়াটিয়াদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের বড় বাঁধ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাবেক চেয়ারম্যান মরহুম ফারুক মিয়ার ছেলে নকিবের দুটি দোকানসহ কয়েকটি দোকান পুড়ে যায়।
স্থানীয়রা জানান, রাতের দিকে হঠাৎ বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতার কারণে কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ভাড়াটিয়ারা চরম বিপাকে পড়েছেন। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তার আহ্বান জানিয়েছেন।