আমতলীর একটি স্কুল এলাকা থেকে আজ শনিবার (৩ অক্টোবর) দুপুর ২ টায় একটি পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সাপের বাচ্চাটি দেখতে পেয়ে শামীম নামে একজন সেটিকে না মেরে বিষয়টি দ্রুত অরণ্যমৈত্রী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এবং উপজেলা রেঞ্জ কর্মকর্তাকে জানান।

খবর পেয়ে সংগঠনের পক্ষ থেকে মোঃ আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সাপের বাচ্চাটিকে নিরাপদে উদ্ধার করেন। এ সময় সাপটির কোনো ধরনের ক্ষতি না করে সতর্কতার সঙ্গে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়।

সাপের বাচ্চাটি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। একই সঙ্গে সাপটিকে হত্যা না করে সংশ্লিষ্টদের খবর দেওয়ায় শামীমের সচেতন উদ্যোগ প্রশংসিত হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণে সংশ্লিষ্টরা জানান, লোকালয়ে সাপ বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে তা হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ, রেঞ্জ কর্মকর্তা অথবা অভিজ্ঞ উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত। প্রকৃতির প্রতিটি প্রাণীই পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। সচেতন হই, বন্যপ্রাণী রক্ষা করি।