দেশের ৪টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হচ্ছে– টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর‌।মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী ও চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদকে টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।