পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দন এলাকায় এ অভিযান চালানো হয়। গলাচিপা থানার উপপরিদর্শক মো. আ. হাকিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে একই গ্রামের মো. আল আমিন মীরের বসতঘর সংলগ্ন পুকুরের দক্ষিণ পাশ থেকে ১৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় তাঁর ছেলে মো. রাব্বি মীরের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, আটক পিতা-পুত্র দীর্ঘদিন ধরে কাঁচামাল সংগ্রহ করে চোলাই মদ তৈরি করে খুচরা ও পাইকারি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে তাঁরা এ বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক), ২৪(গ) ও ৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৬০।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “আটক পিতা-পুত্র দুজনই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।”