বরগুনার আমতলী থেকে উদ্ধার করা পদ্মপোখরা সাপের ডিম থেকে জন্ম নেওয়া ১৪টি সাপ দীর্ঘদিন নিরাপদ পরিবেশে পরিচর্যা ও পর্যবেক্ষণের পর আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে।

জানা যায়, কিছুদিন আগে আমতলী এলাকা থেকে পদ্মপোখরা সাপের ডিম উদ্ধার করা হয়। পরবর্তীতে ডিমগুলো নিরাপদে পাখিমারা এনিমেল শেল্টারে রাখা হয়। সেখানে ডিম ফুটে বাচ্চা জন্ম নেওয়ার পর সাপগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ ও পরিচর্যার মধ্যে রাখা হয়।

পরবর্তীতে এনিমেল বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সাপগুলোকে পর্যবেক্ষণ করা হয়। সাপগুলো প্রাপ্তবয়স্ক হয়ে প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার উপযোগী হওয়ায় মোট ১৪টি সাপকে তাদের উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ সকালে কুয়াকাটার বনে সাপগুলো নিরাপদে অবমুক্ত করা হয়।

অবমুক্তকরণ কার্যক্রমে Animal Lovers of Patuakhali-এর সদস্যবৃন্দ এবং বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Animal Lovers of Patuakhali-এর সদস্য আমিরুল বলেন, “আমতলী থেকে উদ্ধার করা পদ্মপোখরা সাপের ডিমগুলো নিরাপদে পাখিমারা এনিমেল শেল্টারে রাখা হয়েছিল। পরে ডিম ফুটে বাচ্চা জন্ম নেওয়ার পর সাপগুলোকে পর্যবেক্ষণে রাখা হয়। এনিমেল বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সাপগুলো প্রাপ্তবয়স্ক ও প্রকৃতিতে টিকে থাকার উপযোগী হওয়ায় আজ মোট ১৪টি সাপকে কুয়াকাটার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণীকে হত্যা নয়, নিরাপদে উদ্ধার করে উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”

বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, সাপসহ প্রতিটি বন্যপ্রাণীই প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে সাপ বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের সহযোগিতা নেওয়া উচিত।

Animal Lovers of Patuakhali-এর সদস্যবৃন্দের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন সবাই।