বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে দুইদিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। উপকূলের আকাশ এখনও ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বড়েছে। এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট বড় ঢেউ তীড়ে আছড়ে পড়ছে।

আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল রাত নয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭২০ কিলোমিটার, চট্টগ্রাম থেকে ৮৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৫০ কিলোমিটার ও মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।